ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুই দফায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। স্থানীয় বাসিন্দারা হরমুজ প্রণালির কাছে অবস্থিত সুজা এলাকায় বিকট বিস্ফোরণ এবং আকাশে বিমানের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি; কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা যাচাইয়ের পর বিস্তারিত জানাবে বলে উল্লেখ করেছে।
বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টা পর কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার কথা জানায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এর আগের দিন শুক্রবারও একই দ্বীপের আকাশসীমায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছিল বলে দাবি করে ইরানি গণমাধ্যম।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা বন্ধ হয়ে যাওয়ার খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মধ্যস্থতাকারী হিসেবে কাতার উভয় দেশের সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং দুই পক্ষই এখনো একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ রয়টার্স



