জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মহাসমাবেশ ও র্যালিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হওয়া ঐতিহাসিক শোভাযাত্রাটি দীর্ঘ ৭ কিলোমিটার পথ অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়েছে। বিশাল এই বর্ণাঢ্য র্যালিতে সহস্রাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে পায়ে হেঁটে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
র্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতারা। সমাবেশ শেষে দুপুরের পর শুরু হওয়া এই পদযাত্রাটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে তারেক রহমানের সাথে সামনের সারিতে হেঁটে অংশ নেন দলের শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
র্যালিটি নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে সমাপ্ত হয়। ৭ কিলোমিটারের এই দীর্ঘ পথে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো সড়ক জুড়ে দেখা দেয় বিশাল জনস্রোত।
এর আগে সকাল থেকেই ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। দিনভর স্লোগানে মুখরিত ছিল নয়াপল্টনসহ পুরো রাজপথ।
এদিকে ঢাকা ছাড়াও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের অন্যান্য সকল জেলা ও বিভাগীয় মহানগরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একযোগে র্যালি ও নানা কর্মসূচি পালিত হয়েছে।



