সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন করে বড় নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জনের সুপারিশ করা হলেও বিভিন্ন কারণে প্রায় দেড় হাজার পদ ফাঁকা রয়েছে। এর বাইরে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কারণে আরও ৩৮ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেবল বর্তমান খালি পদ নয়; বরং উপজেলাভিত্তিক শিক্ষকসংকট, নিয়মিত অবসর এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির ফলে তৈরি হতে যাওয়া সম্ভাব্য শূন্যতা হিসাব করে প্রকৃত চাহিদা নির্ধারণ করা হচ্ছে।
বিগত বছরের আইনি জটিলতা নিরসন হওয়ায় এখন প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথও পরিষ্কার হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শূন্য পদের চূড়ান্ত হিসাব হাতে পাওয়ার পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



