রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য ও সৌরশক্তির ব্যবহার এবং প্রসার বাড়াতে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুতের বাণিজ্যিক ও পারিবারিক ব্যবহার উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌরপ্রযুক্তির কার্যকর প্রয়োগ ও সচেতনতা বাড়াতে এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীটিতে অংশ নেওয়া জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী প্রযুক্তি দেশে গ্রিন এনার্জির নতুন উন্মোচন ঘটাবে।



