শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন কেন্দ্র করে ঢাকার মিরপুর এলাকায় কড়া নিরাপত্তা ও সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল নিরবচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক নতুন শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর প্রকাশের পর আন্দোলন কিছুটা থমকে গেছে এবং মাঠে নতুন করে শ্রমিকদের সমাগম ঘটেনি। তবে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, পথঅবরোধ বা ভাঙচুর চালাতে না পারে, সে জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও টহল দল মোতায়েন রয়েছে। গতকাল মিরপুর-১২ এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার কিছু পোশাক কারখানা ছুটি দেওয়া হলেও পরিস্থিতি বর্তমানে পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1