পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আহ্বান করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মূল আলোচ্য বিষয় শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব গ্রহণ এবং সার্বিক সুপারিশ প্রণয়ন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, বিজিএমইএর পরিচালক ও মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট প্রস্তাব দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্টদের সময়মতো সভায় যোগ দিতে বলা হয়।



