চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তিনি ঢাকা পৌঁছান। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন বুধবার (৪ নভেম্বর) সকালে লিউ হাইশিং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন। সফরের অংশ হিসেবে দিনের শুরুতেই এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির সূচি নির্ধারণ করা হয়েছে।
আজ সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।
সকাল ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন লিউ হাইশিং। এরপর দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন এবং ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বুধবার বিকেলে জাতীয় জাদুঘর এবং চীনের পুরোনো ও বর্তমান দূতাবাস ভবন পরিদর্শন করবেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবিকা সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন এবং পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। সফর শেষে ঐদিনই দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করবেন।



