বাইন্যান্সের চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ উদ্ধার
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, সাম্প্রতিক বড় ধরনের সাইবার হামলায় চুরি হওয়া ক্রিপ্টো সম্পদের প্রায় ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন পুনরায় কিনতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বাকি ১০ শতাংশের সমপরিমাণ টোকেন সংগ্রহ করতে আরও সময় লাগতে পারে। সংশ্লিষ্ট টোকেনগুলোর বাজারে তারল্য কম থাকায় এই জটিলতা তৈরি হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বাইন্যান্স। প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড টেং জানিয়েছেন, অবশিষ্ট ১০ শতাংশ সম্পদের দায়ও বাইন্যান্স গ্রহণ করবে। ফলে এই ঘটনায় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে বাইন্যান্সের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অর্থ উত্তোলনের কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রবিবার থেকে কিছু ক্ষেত্রে অর্থ উত্তোলনের সুবিধা আবার চালু করা হয়েছে। পুরো ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে অন্যান্য ব্যবহারকারীর জন্যও এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, এই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ জড়িত। এর আগে বিভিন্ন বেসরকারি সাইবার নিরাপত্তা সংস্থা ও বিশ্লেষকেরাও একই গোষ্ঠীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।
তদন্তসংশ্লিষ্ট ধারণা অনুযায়ী, ট্রেডারট্রেইটর উত্তর কোরিয়াসংশ্লিষ্ট কুখ্যাত লাজারাস হ্যাকার গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার অভিযোগের পর আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে লাজারাস। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ মুক্তির প্রতিবাদে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বাইন্যান্সে সাইবার হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। এ সময় বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ, ইথেরিয়ামের দাম ৬ শতাংশ এবং বাইন্যান্সের নিজস্ব ডিজিটাল মুদ্রা বিএনবির দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।
বিশ্লেষকদের মতে, বড় ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে এ ধরনের হামলা ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্যবহারকারীদের আস্থা ধরে রাখতে দ্রুত অর্থ পুনরুদ্ধার, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং স্বচ্ছ তদন্ত এখন বাইন্যান্সের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
