পোশাক খাতের সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে প্রতিবেশী রাষ্ট্র ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি জানান, অরাজকতা তৈরিতে আত্মগোপনে থাকা পলাতক শক্তির পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানা মালিকরাও প্রত্যক্ষভাবে জড়িত। পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ মূলতঃ ফ্যাসিবাদের পুনরুত্থানের অপচেষ্টা চালাচ্ছে।

রাজনৈতিক স্বার্থ হাসিলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কেউ সফল হতে পারবে না বলে সতর্ক করেন বিএনপি নেতা। তিনি উল্লেখ করেন, শ্রমিক আন্দোলনের মূল সংকট ইতিমধ্যেই নিরসন হলেও একটি মহল ফ্যাসিবাদী রাজনীতি চাঙ্গা করার চেষ্টা করছে। তবে সরকার ও দেশের সর্বস্তরের জনগণ সব ধরনের অরাজকতা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ঐতিহাসিক ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপি সপ্তাহব্যাপী বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের জেলা ও মহানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) অনুষ্ঠিত হবে। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় শোভাযাত্রার উদ্বোধন করা হবে।