কক্সবাজারগামী একটি মাদরাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক প্রভাষক ও অন্য এক শিক্ষকের স্বামী নিহত হন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ এবং বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন · inarticle_1

মাদ্রাসার শতাধিক সদস্য নিয়ে দুটি বাস রওনা হয়েছিল। পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারালে এই বিপর্যয় ঘটে। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাসের সামনের আসনে থাকা নিহত দুজন গাড়িটি ডোবায় পড়ে যাওয়ার পর পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে মারা যান বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। থানার ওসি জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।