মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র না করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে চলমান পরিবর্তনের মাঝে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের যৌথ উদ্যোগ প্রয়োজন।

সংকট নিরসনে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত আরব দেশগুলোর সঙ্গে গভীর যোগাযোগ ও প্রজ্ঞাপূর্ণ কৌশল বিনিময়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠায় চীন একযোগে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। বৈঠক শেষে প্রকাশিত ২০ দফার যৌথ বিজ্ঞপ্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখা এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে সামরিক সংঘাত এড়িয়ে জুনের চুক্তির ভিত্তিতে পুনরায় সংলাপে ফেরার আহ্বান জানানো হয়। বিশ্ববাজারে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় চীন এই অঞ্চলে নিজেদের কূটনৈতিক তৎপরতা জোরদার করছে।

বিজ্ঞাপন · inarticle_1