মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, প্রয়োজনে দেশটির ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পদক্ষেপের খবর বিশ্ববাসী খুব শিগগিরই জানতে পারবে।
সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমরা কি আরও সামনে এগিয়ে গিয়ে বিষয়টির একটি চূড়ান্ত নিষ্পত্তি করব? আর চূড়ান্ত নিষ্পত্তি বলতে আমি বোঝাতে চাচ্ছি—ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর কখনোই তৈরি হতে না পারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি সম্ভব হয় তবে দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু পরিস্থিতির প্রয়োজনে হয়তো শেষ পর্যন্ত আমাকে সেই পথেই হাঁটতে হতে পারে। খুব শিগগির আপনারা এর পরিণতি দেখতে পাবেন।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পরও উভয় পক্ষের মধ্যে এখনো কোনো টেকসই শান্তি বা চূড়ান্ত সমঝোতা চুক্তি অর্জিত হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্টের মতে, টানা হামলায় ইরানের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠন সম্পন্ন করতে অন্তত ২৫ বছর সময় লেগে যাবে।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধান ও নিজ দেশের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়েছে তেহরান। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প সাফ জানান, ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ও সবুজ সংকেত ছাড়া ইরান পারমাণবিক ইস্যুতে কোনো পদক্ষেপই নিতে পারবে না।



