দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মশাবাহিত এই রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের গত ৪ নভেম্বরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের এবং বাকি ২ জন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, মোট ৪৪৫ জন মৃতের মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ২১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।


