দেশের পাঁচটি বেসরকারি কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন পরিদর্শন কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় রয়েছে বগুড়ার ৩টি এবং রংপুর ও পঞ্চগড়ের ১টি করে কলেজ। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক (কলেজ-২) ফজলুল হক মনির স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয়করণের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে বগুড়ার মোকামতলার মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ এবং ধুনটের জি. এম. সি ডিগ্রী কলেজ। পাশাপাশি রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় এবং পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে এই পরিদর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী অঞ্চলের পরিচালক মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় এবং রংপুর অঞ্চলের পরিচালক মিঠাপুকুর মহাবিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া সহকারী পরিচালক (কলেজ-১) শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ, সহকারী পরিচালক (কলেজ-৪) জি. এম. সি ডিগ্রী কলেজ এবং সহকারী পরিচালক (কলেজ-২ ও ৪) যৌথভাবে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিদর্শনের দায়িত্ব পেয়েছেন।

পরিদর্শন কমিটিকে অবিলম্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে নির্ধারিত ছকে জরুরি ভিত্তিতে মাউশিতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাগণ বিধি অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রাপ্য হবেন।