বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় বড় অগ্রগতি হয়েছে। নৌপুলিশ 'দিশা' নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, হত্যাকাণ্ডে প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত মধ্যরাত থেকেই রিমান্ডে থাকা দীপকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেন তদন্তকারীরা।

বিজ্ঞাপন · inarticle_1

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের মঞ্জুরি দেন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

তদন্তসংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। ফুটেজ ও তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে দীপ একা ফিরলেও তাহসিফ ফেরেননি।

গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করলে দীপকে গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে তাহসিফের বাবা কাউকে সরাসরি অভিযুক্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

তাহসিফের বাবা জানান, দীপ প্রায়ই তাঁদের বাসায় আসতেন। তবে ঘটনার পর তাঁর দেওয়া তথ্যে বড় অসঙ্গতি দেখা গেছে। দীপ পিবিআইয়ের কাছে টঙ্গী যাওয়ার কথা স্বীকার করলেও তাহসিফের বাবাকে বলেছিল সে তাহসিফকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। এই বৈপরীত্যের কারণেই পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।